
#কলকাতা: পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকাশ ভবনে। এদিন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ-শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী ড. হরেকৃষ্ণ বেরা এবং বিদ্যালয় শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

সাক্ষাৎকার চলাকালীন রাজ্যের শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসার এবং ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগের বিষয়েও মতবিনিময় করা হয় বলে জানা গেছে।

অন্যদিকে, এদিন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করে ABRSM-এর প্রতিনিধিদল। বৈঠকে শিক্ষা, আন্তর্জাতিক মানের মূল্যায়ন পদ্ধতি এবং পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

উভয় আলোচনাই ছিল অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন সংস্থার সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট মহলের মতে, এই ধরনের আলোচনার মাধ্যমে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগ ও সহযোগিতার পথ আরও সুগম হবে।

উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ, পশ্চিমবঙ্গ (বিদ্যালয় শিক্ষা) রাজ্য সম্পাদক বাপী প্রামাণিক( স্কুল শিক্ষা), অধ্যাপক প্রশান্ত সরকার (উচ্চ শিক্ষা), রাজ্য সংগঠন সম্পাদক (উচ্চ শিক্ষা) বিপুল সরকার সহ একাধিক নেতৃত্ব।

বাপী বাবু বলেন, এদিন জাতীয় শিক্ষা নীতি ২০২০, বিদ্যালয় ও কলেজ কমিটি গঠন, মনিং স্কুল আরও কিছু দিন চালানো, পঠন পাঠন ইত্যাদি নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে স্কুলে ছাত্র ছাত্রীর উপস্থিতির সংখ্যা বৃদ্ধি দেখে আরও কিছু দিন মর্নিং স্কুল চলার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।






