Explore

Search

May 28, 2026 12:25 am

IAS Coaching

হরিরামপুর থেকে উদ্ধার বিরল ভুবন চিল পাখি

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত কুতুবপুর গ্রাম থেকে মঙ্গলবার রাতে উদ্ধার করা হল একটি ব্ল্যাক উইঙ্গড কাইট বা ভুবন চিল পাখি। আহত অবস্থায় মাঠের মধ্যে পড়ে থাকা পাখিটিকে উদ্ধার করে প্রাণ বাঁচানোর উদ্যোগ নেন স্থানীয় কৃষক নওয়াজ শরীফ।

জানা গিয়েছে, কেউ বা কারা পাখিটিকে শিকার করার চেষ্টা করেছিল বলে অনুমান করা হচ্ছে। পাখিটির ডানায় আঘাতের চিহ্ন রয়েছে এবং সেটি উড়তে পারছিল না। কুতুবপুর গ্রামের বাসিন্দা নওয়াজ শরীফ মাঠে কাজ করতে গিয়ে পাখিটিকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি পাখিটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং খবর দেন উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস সংস্থার সদস্যদের।

খবর পেয়ে সংস্থার সদস্য অনুষ চক্রবর্তী, বিশাল চৌহান ও অজয় মণ্ডল সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে রাত সাড়ে ১০টা নাগাদ কুতুবপুর গ্রামে পৌঁছন। সেখান থেকে আহত ভুবন চিলটিকে উদ্ধার করে রায়গঞ্জে নিয়ে আসা হয়। সংস্থার পক্ষ থেকে নওয়াজ শরীফের মানবিক উদ্যোগের প্রশংসা করা হয়েছে।

প্রাথমিক চিকিৎসার পর পাখিটিকে রায়গঞ্জ বন দপ্তর-এর হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবেশবিদদের মতে, ভুবন চিল বন্যপ্রাণী সংরক্ষণ আইনের দ্বিতীয় সিডিউলের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ পাখি। পরিবেশ দূষণ, জল ও মাটির গুণগত অবনতি এবং বাসস্থান সংকটের কারণে এই প্রজাতির সংখ্যা দিন দিন কমে আসছে। ফলে এই ধরনের পাখিকে সংরক্ষণ করা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালসের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, “বন্য পশুপাখি উদ্ধারের জন্য আমাদের কাছে জেলা এবং জেলার বাইরেও বহু ফোন আসে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে সব জায়গায় পৌঁছনো সম্ভব হয় না। বনদপ্তর বা সরকারি সাহায্য পেলে আমরা উদ্ধার ও সংরক্ষণের কাজ আরও ভালোভাবে করতে পারব।”

Advertisement
Live Cricket Score
upskillninja