Explore

Search

May 28, 2026 12:26 am

IAS Coaching

সাফল্যের মুকুট শহরে, সর্বভারতীয় ডাক্তারী পরীক্ষায় সেরা রায়গঞ্জের ডাঃ দেবাদ্রী রায়

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরের গর্ব আরও একবার জাতীয় স্তরে উজ্জ্বল হয়ে উঠল। শহরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ দেবব্রত রায় এবং মৌসুমী চক্রবর্তীর সুযোগ্য সন্তান ডাঃ দেবাদ্রী রায় ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS)-এর পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে রায়গঞ্জ শহরের মুকুটে যোগ করলেন নতুন পালক।

মঙ্গলবার বিকেলে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে, সংগঠনের ২৩তম কনভোকেশন অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় গোল্ড মেডেল ও সম্মাননা। Respiratory Medicine বিভাগে অল ইন্ডিয়া প্রথম হয়ে এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা সহ দেশের একাধিক স্বনামধন্য চিকিৎসক ও চিকিৎসা শিক্ষাবিদ।

ডাঃ দেবাদ্রী রায়ের মা মৌসুমী দেবী আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, “২৩শে মে ২০২৬ আমাদের জীবনের এক অনন্য দিন হয়ে থাকবে। আমার বড় ছেলে Respiratory Medicine-এ অল ইন্ডিয়ায় প্রথম হয়ে গোল্ড মেডেল পেয়েছে। অনুষ্ঠানের পরিবেশ, অভিভাবকদের আপ্যায়ন এবং দেশের বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতি সত্যিই স্মরণীয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার বক্তব্য চিকিৎসক ছাত্রদের অনুপ্রাণিত করবে বলেই আমার বিশ্বাস। জীবনের অন্যতম সেরা অনুভূতি নিয়ে আমরা বাড়ি ফিরলাম।”

বাবা ডাঃ দেবব্রত রায় বলেন, “ছেলের এই সাফল্য শুধু আমাদের পরিবারের নয়, রায়গঞ্জ শহরেরও গর্ব। দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্রতার ফল আজ দেশজুড়ে স্বীকৃতি পেয়েছে। ভবিষ্যতে সে আরও বড় সাফল্য অর্জন করবে বলেই আমাদের বিশ্বাস।”

উল্লেখ্য, ডাঃ দেবাদ্রী রায় রায়গঞ্জের কিশলয় কে জি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা নেন। এরপর তাঁর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর পড়াশোনা শেষ করেন রায়গঞ্জ করোনেশন হাই স্কুল থেকে। পরবর্তীতে কলকাতার NRS MEDICAL COLLEGE থেকে সফল হয়ে এমবিবিএস ডিগ্রি পান।

ডাঃ দেবাদ্রী রায়ের এই অসামান্য সাফল্যে রায়গঞ্জ শহরের চিকিৎসক মহল, শিক্ষাজগত এবং সাধারণ মানুষের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। বহু মানুষ সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তাঁর আগামী দিনের সাফল্য কামনা করেছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja