Explore

Search

May 27, 2026 12:12 am

IAS Coaching

রাজকুমার মৃত্যু রহস্যে পুনরায় তদন্তের দাবি জানিয়ে স্মারকলিপি

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজকুমার রায়ের মৃত্যু রহস্যে পুনরায় তদন্তের দাবিতে মঙ্গলবার রায়গঞ্জের জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করল “রাজকুমার হত্যার বিচার চাই মঞ্চ”। নিহত রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা বর্মনকে সঙ্গে নিয়ে সংগঠনের একটি প্রতিনিধিদল এদিন দুপুরে জেলা পুলিশ আধিকারিক ডঃ সোনাওয়ান কুলদীপ সুরেশের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অভিযোগ ও দাবি তুলে ধরে।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অর্পিতা বর্মন, শুভ্র শঙ্কর নাগ, অনিরূদ্ধ সিনহা, সংগঠনের আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য সহ আরও কয়েকজন সদস্য। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট এবং সিআইডি তদন্তে একাধিক ত্রুটি রয়েছে। সেই কারণেই পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

“রাজকুমার হত্যার বিচার চাই মঞ্চ”-এর আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য জানান, ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে নতুন করে তদন্ত অত্যন্ত জরুরি। পাশাপাশি, ২০১৯ সালে প্রিয়রঞ্জন পালের বিরুদ্ধে দায়ের হওয়া “প্রতিহিংসামূলক মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবিও এদিন স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

সংগঠনের দাবি, জেলা পুলিশ সুপার বিষয়গুলি মনোযোগ সহকারে দীর্ঘক্ষণ ধরে শোনেন এবং আগামী দু’সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিনিধিদলকে জানাবেন বলে আশ্বাস দেন।

সংগঠনের তরফে আরও জানানো হয়েছে, একই বিষয় ইতিমধ্যেই জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক বিবেক কুমারের কাছেও তুলে ধরা হয়েছে। জেলা পুলিশ সুপার স্বয়ং বিষয়টি খতিয়ে দেখবেন বলেও প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja