
#কোলকাতাঃ পূর্বঘোষিত ২৭শে মে নয়, বকরি-ঈদের সরকারি ছুটির দিন বদল করল রাজ্য সরকার। শনিবার দুপুরে প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৮শে মে বৃহস্পতিবার বকরি-ঈদের ছুটি উপভোগ করবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

এর আগে সরকারি ছুটির তালিকায় ২৭শে মে বুধবার ঈদ- উদ- জোহা বা বকরি-ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে চাঁদ দেখার সম্ভাব্য সময় ও উৎসব পালনের দিন বিবেচনা করে শেষ মুহূর্তে এই পরিবর্তন আনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

নতুন বিজ্ঞপ্তি জারি হতেই বিভিন্ন সরকারি দপ্তরে প্রস্তুতি শুরু হয়েছে। যদিও ২৮শে মে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের সূচি আগে থেকেই নির্ধারিত রয়েছে। ফলে ওই বৈঠকের দিন ও সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।

অন্যদিকে, গাইঘাটা পলিটেকনিক কলেজেও ওই দিন পরীক্ষার সূচি রয়েছে বলে জানা গিয়েছে। ফলে ছুটির পরিবর্তনের কারণে পরীক্ষার সময়সূচিতে কোনও সংশোধন হবে কিনা, তা নিয়েও ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত বৈঠক কিংবা পরীক্ষার সূচি নিয়ে আলাদা কোনও নির্দেশিকা প্রকাশ করা হয়নি। প্রশাসনিক সূত্রের দাবি, সংশ্লিষ্ট দপ্তরগুলি প্রয়োজন অনুযায়ী পৃথক সিদ্ধান্ত নিতে পারে।






