Explore

Search

May 24, 2026 12:03 am

IAS Coaching

উত্তর দিনাজপুরে প্রশাসন BSF সমন্বয় বৈঠক, সীমান্ত সুরক্ষায় তুলে দেওয়া হল ৩৬২ একর জমির খতিয়ান

#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে শুক্রবার গুরুত্বপূর্ণ দুটি সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। জেলা শাসক উত্তর দিনাজপুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেলার বিভিন্ন বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টদের উপস্থিতিতে জমির রেকর্ড অফ রাইটস (ROR) বা খতিয়ান হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার বিভিন্ন বিএসএফ ব্যাটালিয়নের অধীনে থাকা মোট ৩৬২.৫৪৬১ একর জমির খতিয়ান সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ড্যান্টদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এই পদক্ষেপে প্রশাসনিক স্বচ্ছতা ও ভবিষ্যতের অবকাঠামোগত কাজের ক্ষেত্রে গতি আসবে বলে মনে করা হচ্ছে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক উত্তর দিনাজপুর, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার, ডিএল অ্যান্ড এলআরও উত্তর দিনাজপুর, অতিরিক্ত জেলা শাসক (জেনারেল) সহ ৬৩ ব্যাটালিয়ন, ৮৭ ব্যাটালিয়ন, ১৭ ব্যাটালিয়ন এবং ১৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্টরা।

এদিন আরেকটি আন্তঃবিভাগীয় সমন্বয় বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় আইবি, রাজ্য আইবি, জিআরপি, দমকল বিভাগ, এনসিবি, কাস্টমস, ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং উত্তর দিনাজপুর জেলার অধীনস্থ সমস্ত বিএসএফ ব্যাটালিয়নের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ ও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH), উত্তর দিনাজপুর।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, মাদক পাচার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জরুরি পরিষেবাগুলির মধ্যে আরও উন্নত সমন্বয় গড়ে তোলাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। প্রশাসনের মতে, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি পেলে সীমান্তবর্তী জেলার নিরাপত্তা ও জনস্বার্থে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja