Explore

Search

June 23, 2026 11:03 am

IAS Coaching

বৃষ্টি নামতেই রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে পরিযায়ী ইগরেটের আগমন, খুশির হাওয়া শহর জুড়ে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ মে মাসের শুরুতে বৃষ্টির প্রথম ছোঁয়া পড়তেই নতুন প্রাণ ফিরে পেল কুলিক পাখিরালয়। আর সেই সঙ্গেই বহু প্রতীক্ষিত দৃশ্য—পরিযায়ী ইগরেটের ঝাঁক ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে এই পাখির স্বর্গে।

প্রতি বছর বর্ষা নামলেই উত্তর দিনাজপুরের এই বিখ্যাত পাখিরালয়ে দূরদূরান্ত থেকে উড়ে আসে নানা প্রজাতির পরিযায়ী পাখি। তার মধ্যে সাদা রঙের ইগরেট বা বক প্রজাতির পাখিদের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর থেকেই গাছের ডালে, জলাভূমির ধারে দেখা মিলছে ইগরেটদের।

স্থানীয় বাসিন্দা রমেশ দাস বলেন, “বৃষ্টি শুরু হতেই পাখিদের আনাগোনা বাড়তে দেখছি। সকাল-বিকেল তাদের কলতানে এলাকা মুখর হয়ে উঠছে।” শহরবাসীর অনেকেই পরিবার নিয়ে পাখিরালয়ে ভিড় জমাচ্ছেন এই মনোরম দৃশ্য উপভোগ করতে।

পরিবেশপ্রেমী ক্ষীরোদ সরকারের মতে, ইগরেটদের আগমন প্রকৃতির সুস্থতারই বার্তা বহন করে। জলাভূমির পরিবেশ অনুকূল থাকলেই এই পাখিরা এখানে আসে এবং বংশবিস্তার করে। ফলে কুলিকের জীববৈচিত্র্য রক্ষায় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, এখনও পাখিদের আগমন প্রাথমিক পর্যায়ে থাকলেও আগামী কয়েক সপ্তাহে সংখ্যাটা আরও বাড়বে। পর্যটকদের জন্যও এই সময়টি অন্যতম আকর্ষণীয় হয়ে ওঠে।

বৃষ্টির ছোঁয়ায় যখন প্রকৃতি সেজে উঠেছে নতুন রূপে, তখন পরিযায়ী ইগরেটের আগমনে রায়গঞ্জের কুলিক পাখিরালয় যেন আবারও জীবন্ত হয়ে উঠেছে—যা শহরবাসীর মুখে এনে দিয়েছে একরাশ হাসি।

Advertisement
Live Cricket Score
upskillninja