
#মালবাজার: বুধবার রাতে রানিচেরা চাবাগান সংলগ্ন রেল ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবক টোটো চালকের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মৃত যুবকের নাম দাহেস সাপুয়া। আহতরা হলেন অজিন কুজুর ও জিবরানুস খালকো। তিনজনেরই বাড়ি রানিচেরা চা-বাগান এলাকায়।

জানা গেছে, বুধবার বিকেলে তারা টোটো করে পশ্চিম ডামডিম এলাকায় পুজোর সামগ্রী নিয়ে এসেছিলেন। সন্ধ্যার পর প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে কিছু সময় অপেক্ষা করেন তারা। পরে রাতে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। জাতীয় সড়কের ফ্লাইওভারে ওঠার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান টোটোটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় টোটোটি উল্টে যায়। টোটোর চালক ও অন্যান্যরা ছিটকে পড়ে।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দাহেস সাপুয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই যুবকের চিকিৎসা চলছে। ঘটনার পর মালবাজার থানার পুলিশ পিকআপ ভ্যানসহ চালককে আটক করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








