Explore

Search

June 23, 2026 12:58 pm

IAS Coaching

রায়গঞ্জের প্রথম, নেপালের ‘মেরা নর্থ পিক’ অভিযানে চলেছেন প্রবীণ পর্বতারোহী তরুণ সরকার

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আগামী ৯ই মে একক প্রচেষ্টায় নেপাল হিমালয়ের এভারেস্ট সংলগ্ন অঞ্চলে অবস্থিত মেরা নর্থ পিক (৬৪৭৬ মিটার / ২১,২৪৭ ফুট) অভিযানে রওনা হচ্ছেন রায়গঞ্জের প্রবীণ পর্বতারোহী তরুণ সরকার। আফ্রিকার কিলিমাঞ্জেরোর মত, রায়গঞ্জ থেকে এবারও তিনি একাই এই কঠিন অভিযানে নামতে চলেছেন, যা ইতিমধ্যেই স্থানীয় পর্বতারোহণ মহলে উৎসাহ ও গর্বের সঞ্চার করেছে।

তরুণবাবু জানান, “এই অভিযানটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখনও পর্যন্ত রায়গঞ্জের একমাত্র পাহাড়ি সংস্থা ‘হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন’ থেকে নেপাল হিমালয়ে কোনো অভিযান করা হয়নি। এবার প্রথম হচ্ছে। ফলে পূর্ব অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ ছাড়াই প্রস্তুতি নিচ্ছি । এটাই আমাদের সংস্থার প্রথম নেপাল অভিযান।”

তিনি আরও বলেন, “আমার আন্তরিক চেষ্টা থাকবে নেপালের কোনো পর্বতচূড়ায় আমাদের সংস্থার পতাকা স্থাপন করার। এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, রায়গঞ্জের পর্বতারোহণ চর্চার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আমি মনে করি।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তরুণ পর্বতারোহী শঙ্কর ধর বলেন, “তরুণদার এই সাহসিকতা আমাদের অনুপ্রেরণা দেয়। তাঁর এই অভিযান সফল হোক—এই কামনাই করি। রায়গঞ্জ থেকে এমন উদ্যোগ ভবিষ্যতে আরও অনেককে উৎসাহিত করবে।”

উল্লেখ্য, মেরা নর্থ পিক নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত একটি উচ্চতর শৃঙ্গ, যা প্রযুক্তিগতভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং না হলেও উচ্চতা, আবহাওয়া এবং প্রতিকূল পরিবেশের কারণে এটি পর্বতারোহীদের কাছে যথেষ্ট কঠিন এক পরীক্ষা। সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই নিজের অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তাকে পাথেয় করে নতুন অভিযানে পা রাখতে চলেছেন রায়গঞ্জের এই প্রবীণ পর্বতারোহী।

Advertisement
Live Cricket Score
upskillninja