
#চন্দ্র নারায়ণ সাহা, নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের রাজ্যের ১৫২টি আসনের ভোটদান পর্ব ইতিমধ্যেই সমাপ্ত। কোলকাতা সহ আশেপাশের জেলা গুলোতে ভোট আগামী ২৯শে এপ্রিল। এরমধ্যেই রাজ্য জুড়ে ক্রমেই তীব্র হচ্ছে গরমের দাপট। ঊর্ধ্বমুখী তাপমাত্রার জেরে নাজেহাল জনজীবন, আর তার সরাসরি প্রভাব পড়ছে স্কুলপড়ুয়াদের উপর। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যজুড়ে মর্নিং স্কুল চালুর দাবিতে সোচ্চার হল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে পৃথকভাবে লিখিত আবেদন জানানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, রাজ্যের একাধিক জেলায় অস্বাভাবিক হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছে।

তীব্র গরমে দীর্ঘ পথ পেরিয়ে স্কুলে যাওয়া, আবার দিনের গরমের মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা ক্লাস করা—এই পরিস্থিতি পড়ুয়াদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অতীতে এমন তাপপ্রবাহের সময়ে মর্নিং স্কুল চালুর নজির থাকলেও চলতি বছরে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা জারি হয়নি। যা নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষা মহলে।

সংগঠনের দাবি, রাজ্যের প্রতিটি জেলার ভৌগোলিক ও আবহাওয়ার বৈচিত্র্য বিবেচনা করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী মর্নিং স্কুল চালুর সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হোক। এতে একদিকে যেমন পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, তেমনি পাঠদানও নির্বিঘ্নে চালানো সম্ভব হবে। এখন নজর রাজ্য প্রশাসনের দিকে—এই দাবির প্রেক্ষিতে কত দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।








