
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে সকাল থেকেই উৎসবের মেজাজ রায়গঞ্জে। দায়িত্ব পালন করতে বুথের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এক অনন্য দৃশ্য ধরা পড়ল—‘হ্যাপী ভোট’ স্লোগান তুলে এগিয়ে চলেছেন মহিলা ভোটকর্মীরা। মুখে হাসি, চোখে দায়িত্ববোধ—সব মিলিয়ে এক অন্যরকম উদ্দীপনা লক্ষ্য করা গেল তাঁদের মধ্যে।

নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা মেনেই নিরাপত্তা ও শৃঙ্খলার সঙ্গে ভোট পরিচালনার প্রস্তুতি নিয়েছেন এই মহিলা কর্মীরা। বুধবার সকাল সকাল নির্দিষ্ট ডিসপ্যাচ সেন্টার থেকে ইভিএম ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। সেই সময়েই একে অপরকে উৎসাহ দিতে শোনা যায়—“হ্যাপী ভোট!”

মহিলা ভোটকর্মী রেশমী চৌধুরী বলেন, “ভোট মানেই গণতন্ত্রের উৎসব। আমরা এই উৎসবের অংশ হতে পেরে গর্বিত। ‘হ্যাপী ভোট’ বলার মধ্যে একটা ইতিবাচক বার্তা রয়েছে, যা ভোটারদেরও উৎসাহিত করবে।” মহিলা ভোটকর্মী সুদীপ্তা পাল বলেন, “দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই, মানুষ নির্ভয়ে ভোট দিতে আসুন। আমাদের এই ছোট্ট স্লোগান সেই বার্তাই বহন করছে।”

আরেক মহিলা ভোটকর্মী অতসী পাল বিশ্বাস বলেন, “প্রথমবার ভোট ডিউটিতে এসেছি। একটু নার্ভাস লাগছিল, কিন্তু সবার সঙ্গে এইভাবে আনন্দ ভাগ করে নিতে পেরে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। আশা করি শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হবে।”

প্রশাসনের পক্ষ থেকেও মহিলা ভোটকর্মীদের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তাঁদের এই ইতিবাচক মনোভাব ভোটের পরিবেশকে আরও সুন্দর ও স্বতঃস্ফূর্ত করে তুলবে বলেই মনে করছে প্রশাসন।






