Explore

Search

April 22, 2026 4:06 pm

IAS Coaching

রাজনৈতিক কর্মকান্ডে বেহাল রায়গঞ্জ স্টেডিয়ামের মাঠ, দ্রুত খেলার উপযোগী করার দাবি ডিএসএ’র

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ স্টেডিয়ামের খেলার মাঠকে দ্রুত খেলার উপযোগী করে তোলার দাবি জানাল উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএ)। নির্বাচনী প্রচারের জেরে স্টেডিয়াম প্রাঙ্গণে একাধিক রাজনৈতিক কর্মসূচি হওয়ায় মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, সম্প্রতি স্টেডিয়াম প্রাঙ্গণে হেলিপ্যাড তৈরি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়েছে। বড় বড় রাজনৈতিক নেতৃত্বদের আগমন ছাড়াও মঙ্গলবার বিকেল থেকে স্টেডিয়ামের খেলার মাঠ সহ গোটা এলাকা জুড়ে ছোট-বড় অসংখ্য গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর ফলে নিয়মিত কোচিং বন্ধ রাখতে বাধ্য হয়েছেন খুদে খেলোয়াড়রা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবকেরাও। বড় বড় গর্ত থেকে ক্ষতি হয়েছে ঘাসেরও। এতে খেলোয়াড়দের চোট লাগতে পারে।

এই পরিস্থিতিতে ডিএসএ’র সচিব সুদীপ বিশ্বাস জানান, “২১ এপ্রিল ২০২৬ তারিখে নির্বাচনী প্রচার শেষ হয়েছে এবং ২৩ এপ্রিল ভোটগ্রহণ সম্পন্ন হবে। তার পর যত দ্রুত সম্ভব, আদর্শভাবে ২৬ এপ্রিলের মধ্যেই রায়গঞ্জ স্টেডিয়ামকে পুনরায় খেলার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট সমস্ত রাজনৈতিক দল ও কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “যদি নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়াম মাঠ পুনরুদ্ধার না করা হয়, তাহলে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন বাধ্য হয়ে আগামী ২৭ এপ্রিল থেকে নিজেদের কোষাগারের অর্থ ব্যয় করে মাঠ সংস্কারের কাজ শুরু করবে, যেমনটা বিগত বছরগুলিতেও করা হয়েছে।”

ডিএসএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার খেলাধুলা এবং খেলোয়াড়দের স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একইসঙ্গে সকলের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি। এদিকে, স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্রীড়াপ্রেমী মহলেও উদ্বেগ বাড়ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে খেলোয়াড়দের অনুশীলন ও প্রতিযোগিতার প্রস্তুতিতে বড় প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।

Advertisement
Live Cricket Score
upskillninja