
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে রায়গঞ্জে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারই অংশ হিসেবে ভোটের দিন বন্ধ রাখা হচ্ছে কুলিক বনাঞ্চল। পাশাপাশি, জেলায় সুরা বিক্রি ও বেচাকেনার উপরও জারি হয়েছে কঠোর নিষেধাজ্ঞা।

প্রশাসন সূত্রে খবর, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কুলিক পাখিরালয় ও সংলগ্ন বনাঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ ২৩শে এপ্রিল নিষিদ্ধ করা হয়েছে। এলাকাজুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী, চলছে নিয়মিত টহল।

অন্যদিকে, ভোটের সময় অবৈধ মদের ব্যবহার ও পাচার রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে আবগারি দফতর ও পুলিশ প্রশাসন। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে চলছে নাকা চেকিং। সম্প্রতি প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি দিনে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও সুরাপান কেন্দ্র বন্ধ রাখা হচ্ছে। ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত, ২৫ এপ্রিল সন্ধ্যা থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এবং ৪ মে ভোট গণনার দিন সুরা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে ২৪ এপ্রিল একদিনের জন্য দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে।

প্রশাসনের এক আধিকারিক জানান, “শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য। সেই কারণে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনওরকম বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না।” রায়গঞ্জ বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, এখনও সরকারি নির্দেশিকা আসনি। তবে কর্মী থেকে আধিকারিকেরা যেহেতু ভোট দিতে যাবেন, তাই কুলিক পাখিরালয় বন্ধ থাকবে।

এই সিদ্ধান্তে কিছুটা সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রায়গঞ্জ জুড়ে বাড়ছে প্রশাসনিক নজরদারি। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।






