
#কলকাতাঃ পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতে চলেছে আগামী ২৩ এপ্রিল। তার ঠিক দু’দিন আগে থেকেই রাজ্যজুড়ে জারি হল মোটরবাইক চলাচলের ওপর কড়া বিধিনিষেধ। মূলত নির্বাচনের আগে সম্ভাব্য অশান্তি, বাইক বাহিনীর দাপট রোখা এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই রাজ্যে কোনওরকম বাইক র্যালি বা মোটরসাইকেল মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকছে রাতের কার্ফু, যার ফলে এই সময়ের মধ্যে মোটরবাইক চালানো যাবে না। তবে জরুরি চিকিৎসা পরিষেবা বা পারিবারিক বিপদের মতো বিশেষ পরিস্থিতিতে কিছু ছাড় রাখা হয়েছে।

এছাড়াও ভোটের আগের দু’দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনও আরোহী বসানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও স্কুল পড়ুয়া বা অসুস্থ রোগীদের ক্ষেত্রে এই নিয়মে কিছুটা শিথিলতা রাখা হয়েছে। ভোটের দিনেও একইসঙ্গে কড়া নজরদারি থাকবে। ওইদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র পরিবার নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রয়োজনেই পিছনে আরোহী বসানোর অনুমতি দেওয়া হয়েছে, অন্যথায় তা নিষিদ্ধ।

প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশিকা অমান্য করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ প্রয়োজনে বাইক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট থানার কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশকে কঠোরভাবে এই নিয়মগুলি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্রচারমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজও জোরকদমে শুরু হয়েছে।

ভোটকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই এই কড়াকড়ি বলে মনে করছে প্রশাসনের একাংশ।






