
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ভোটের মুখে পরপর ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লেন রায়গঞ্জ ব্লকের কৃষকরা। গৌরি, মাড়াইকুড়া, বাহিন সহ কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বিস্তীর্ণ কৃষিজমিতে ভুট্টা সহ বিভিন্ন সবজি চাষ কার্যত নষ্ট হয়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২ দিন ধরেই আবহাওয়ার বিরূপ পরিস্থিতি চলছিল। এর মধ্যেই পরপর দুটি ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা চাষ। অনেক ক্ষেতেই ফসল পরিপক্বতার পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ঠিক সেই সময়েই ঝড়ের দাপটে জমির উপর শুয়ে পড়ে ভুট্টা গাছ। ফলে উৎপাদন নিয়ে চরম অনিশ্চয়তার মুখে কৃষকরা।

এছাড়াও পিপলান অঞ্চলের বিভিন্ন সবজি ক্ষেতেও দেখা গিয়েছে একই চিত্র। লাউ, কুমড়ো, বেগুন, শাক সহ নানা ধরনের সবজি গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে জল জমে যাওয়ায় পচন ধরার আশঙ্কাও তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক বাবু বর্মন জানান, “ভুট্টা প্রায় কেটে নেওয়ার মতো অবস্থায় ছিল। হঠাৎ করে ঝড় এসে সব শেষ করে দিল। এখন কীভাবে লোকসান সামলাব, বুঝতে পারছি না।”

ভোটের আগে এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে। অনেকেই প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। স্থানীয় বাহিন গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুল আলি বলেন, নির্বাচন বিধি লাগু থাকায়, এখন তো আমরা কিছু করতে পারব না। তবে পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা তৈরির কাজ শুরুর জন্য ব্লককে বলা হয়েছে।

ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। তবে টানা প্রাকৃতিক দুর্যোগে এই মুহূর্তে রায়গঞ্জ ব্লকের কৃষকদের সামনে বড়সড় আর্থিক সংকট দেখা দিয়েছে বলেই মনে করা হচ্ছে। এদিকে আবহবিদেরা জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত এমন আবহাওয়া চলতে থাকবে। এতেই চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের মধ্যে।






