
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত বিলাসপুর গ্রামে শনিবার ভোর থেকে শুরু হওয়া প্রবল ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল জনজীবন। সকাল প্রায় ৬টার পর আচমকাই আছড়ে পড়ে এই প্রাকৃতিক দুর্যোগ, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা। সমগ্র উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই ঝড়বৃষ্টি লন্ডভন্ড করে দেয় সাধারণ মানুষের জীবনযাপন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের তাণ্ডবে গ্রামের বহু প্রাচীন গাছ উপড়ে পড়েছে। পাশাপাশি ঝড়ের দাপটে উড়ে গিয়েছে অসংখ্য বাড়ির টিনের চালা। বহু কাঁচা বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এছাড়াও, বিলাসপুর গ্রামের ইদগাহ ময়দানের সীমানা প্রাচীর ভেঙে পড়েছে ঝড়ের তীব্রতায়। ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, এত প্রবল ঝড়-বৃষ্টি বহুদিন পর দেখলেন তারা। হঠাৎ করে ঝড় শুরু হওয়ায় অনেকেই ঘরবাড়ি সামলানোর সুযোগ পাননি। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা সম্ভব হয়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায়, যার ফলে দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট দফতর কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।








