
#কালিয়াগঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কংগ্রেস পার্টি অফিসে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চরম তরজা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জের তালতলা এলাকায় অবস্থিত কংগ্রেসের পার্টি অফিসে হঠাৎই বিজেপির পতাকা লাগানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মী-সমর্থকরা। শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের সাথে ধস্তাধস্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এ প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “কালিয়াগঞ্জে প্রিয়দার হাতে তৈরি আমাদের তালতলা পার্টি অফিসে বিজেপি পতাকা লাগিয়ে দখল করার চেষ্টা চলছে। বিজেপি নেতাদের বলছি, মোদীজির ক্ষমতা হয়নি কংগ্রেসকে শেষ করার, আর আপনারা এসেছেন দলের কার্যালয় দখল করতে! এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।”

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, কংগ্রেস ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা তুলতেই এই ধরনের অভিযোগ তুলছে। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, সেই কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও, পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।








