
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সামনেই পশ্চিমবঙ্গ বিধানসভার হাই ভোল্টেজ নির্বাচন। মুখোমুখি সমরে তৃণমূল, বাম জোট, বিজেপি, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা। এরই মধ্যে ইটাহার বিধানসভায় শেষ মুহূর্তে সিপিআই প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তরুণ আইনজীবী উৎপল দাস।

এবার তাঁর সমর্থনে প্রকাশ্যে এলেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে উৎপল দাসের হয়ে ভোট প্রার্থনা করে একটি বার্তা দেন তিনি, যা পরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন উৎপল দাস।

জানা গিয়েছে, উৎপল দাস ইটাহারের দুর্গাপুর এলাকার বাসিন্দা। পেশায় আইনজীবী হলেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন তিনি। তাঁর এই সামাজিক ভূমিকা ও পেশাগত দক্ষতার কথা তুলে ধরেই সমর্থন জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

বিকাশ বাবু বলেন, “আইনসভা কোনো ঘর গৃহস্থালির নিপুণতা দেখানোর জায়গা নয়। সেখানে আইন তৈরি হয়, আর সেই আইন প্রণয়নের জন্য প্রয়োজন যোগ্য বিধায়ক। এই ক্ষেত্রে উৎপল দাস একজন অত্যন্ত যোগ্য প্রার্থী।”

তিনি আরও জানান, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় রাজকুমার রায়ের রহস্যজনক নিখোঁজ ও পরবর্তীতে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষক গ্রেপ্তার হন। সেই সময় তাঁদের জামিনের মামলায় উৎপল দাসের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকেই উৎপলের কাজের প্রতি নিষ্ঠা ও দায়বদ্ধতা তাঁকে মুগ্ধ করে।

বিকাশ বাবুর কথায়, “এরপর থেকে দেখেছি কাজের প্রতি ওর আন্তরিকতা। এমন একজন প্রতিনিধি বিধায়ক হলে সাধারণ মানুষ উপকৃত হবেন।” নির্বাচনের প্রাক্কালে এই সমর্থন ইটাহার বিধানসভায় সিপিআই প্রার্থীর প্রচারে নতুন মাত্রা যোগ করবে বলেই রাজনৈতিক মহলের মত।






