
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ নববর্ষের শুভ সকালে ঐতিহাসিক কর্ণ রাজার দিঘীতে পুণ্যস্নান করতে ভিড় জমালেন কয়েক হাজার ভক্ত। প্রতি বছরের মতো এবছরও ভোরের আলো ফুটতেই দিঘীর ঘাটে উপচে পড়া জনসমাগম চোখে পড়ে।

স্থানীয় প্রশাসনের উদ্যোগে সম্প্রতি দিঘী ও ঘাটের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এবছর নতুন রূপে সেজে উঠেছে কর্ণ রাজার দিঘী। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, সুসজ্জিত ঘাট এবং নিরাপত্তার কড়া ব্যবস্থাপনায় ভক্তদের ভিড় সামাল দিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়।

নববর্ষ উপলক্ষে আয়োজিত এই স্নানমেলায় ভোর থেকেই শুরু হয় পুণ্যস্নান। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে কর্ণ রাজার দিঘীতে স্নান করলে পাপমোচন হয় এবং বছরের শুভ সূচনা ঘটে। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে উপস্থিত হন। এতে সকাল থেকেই উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করনদিঘীর তৃনমুল প্রার্থী গৌতম পাল। তারাও স্নান সেরে পুজো দেন স্থানীয় মন্দিরে।

মেলা প্রাঙ্গণে বসেছে অস্থায়ী দোকানপাট, খাবারের স্টল ও নানা ধরনের সামগ্রীর পসরা। ফলে স্নানের পাশাপাশি জমে ওঠে গ্রামীণ মেলার পরিবেশও। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষের উপস্থিতিতে দিনভর মুখর থাকে গোটা এলাকা।

ভিড় সামাল দিতে পুলিশ ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হয়। পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয় প্রশাসনের তরফে। সব মিলিয়ে নববর্ষের এই পুণ্যস্নান ও মেলাকে ঘিরে উৎসবের আবহে মেতে উঠেছে রায়গঞ্জের কর্ণ রাজার দিঘী চত্বর।






