Explore

Search

August 7, 2026 12:42 pm

IAS Coaching

বিশ্ব উপভোক্তা অধিকার দিবস উপলক্ষে ইটাহারে সচেতনতা কর্মসূচি

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উপভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে রবিবার দুপুরে উত্তর দিনাজপুরে পালিত হল বিশ্ব উপভোক্তা অধিকার দিবস। উপভোক্তা বিষয়ক দফতরের উত্তর দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এবং কালিগঞ্জ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এদিন ইটাহার ব্লকের বালিয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হয় এক সচেতনতা কর্মসূচি।

গ্রামের প্রান্তিক মানুষদের সামনে এদিন কেনাকাটার সময় বিভিন্ন সতর্কতা ও সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন দফতরের উপভোক্তা কল্যাণ আধিকারিক সুপ্রতীক সোম। অনুষ্ঠানে গ্রামের মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো।

সুপ্রতীক বাবু জানান, উপভোক্তা কল্যাণ আধিকারিক রাজু পাল হাতে-কলমে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন বিস্কুট, পানীয় জলের বোতল, ঔষধ এবং ব্যাঙ্কের পরিষেবা গ্রহণের ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি পণ্য কেনার আগে তার গুণমান, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং প্রয়োজনীয় মানচিহ্ন দেখে নেওয়া অত্যন্ত জরুরি বলে সকলকে সচেতন করেন।

এ বছর বিশ্ব উপভোক্তা অধিকার দিবসের থিম ছিল “Safe Product, Confident Consumer”। এ প্রসঙ্গে রাজু পাল বলেন, সোনার গহনা কেনার সময় অবশ্যই হলমার্ক চিহ্ন রয়েছে কিনা তা দেখে নেওয়া উচিত। পাশাপাশি লবণ কেনার ক্ষেত্রে আয়োডিন বা সোডিয়ামযুক্ত লবণ কেনার দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে রাজু বাবু বলেন, “সচেতন উপভোক্তাই সুরক্ষিত উপভোক্তা।” তাই প্রতিটি মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

কর্মসূচি শেষে দফতরের আধিকারিকরা পাশের স্থানীয় হাটে গিয়ে ব্যবসায়ীদেরও উপভোক্তা সুরক্ষা আইন এবং সঠিক পণ্য বিক্রির বিষয়ে সচেতন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার রঞ্জিত সরকারসহ অন্যান্য সদস্যরা।

Advertisement
Live Cricket Score
upskillninja