Explore

Search

August 7, 2026 1:02 pm

IAS Coaching

শীত শেষে জেলায় বিরল পাখির আনাগোনা, উচ্ছ্বসিত পাখি প্রেমীরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: শীতের শেষে উত্তর দিনাজপুর জেলায় দেখা মিলল এক বিরল পরিযায়ী পাখির। কালিয়াগঞ্জ থানার ফতেপুর সংলগ্ন দিলালপুর গ্রাম এলাকায় সম্প্রতি প্রায় ২০ থেকে ৩০টি প্যাসিফিক গোল্ডেন-প্লোভার (Pacific Golden Plover) পাখি দেখা গেছে। বিরল এই পাখির উপস্থিতিতে এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পাখি প্রেমী ও প্রকৃতি অনুরাগীদের মধ্যে।

স্থানীয় পাখি প্রেমী রুমিত দেবশর্মা এই পাখিগুলির ছবি ক্যামেরাবন্দি করেন। তাঁর তোলা ছবিতে দেখা যায়, জলাভূমি ও খোলা মাঠে ঝাঁক বেঁধে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে পাখিগুলি। পাখিপ্রেমীদের মতে, উত্তর দিনাজপুর জেলায় এই প্রজাতির পাখি সচরাচর দেখা যায় না, তাই তাদের আগমনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, প্যাসিফিক গোল্ডেন-প্লোভার মূলত একটি দীর্ঘপথ পাড়ি দেওয়া পরিযায়ী পাখি। গ্রীষ্মকালে তারা আলাস্কা ও রাশিয়ার সাইবেরিয়ার আর্কটিক তুন্দ্রাঞ্চলে বংশবৃদ্ধি করে। শীতের সময় খাদ্যের অভাব ও তীব্র ঠান্ডা থেকে বাঁচতে তারা হাজার হাজার মাইল উড়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে, যেমন ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, হাওয়াই ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে চলে আসে।

পাখি বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির পাখি মূলত মাংসাশী প্রকৃতির। তারা পোকামাকড়, ছোট অমেরুদণ্ডী প্রাণী, ছোট কাঁকড়া ও সামুদ্রিক কৃমি জাতীয় প্রাণী খেয়ে বেঁচে থাকে। সাধারণত উপকূলীয় কাদা, ঘাসভূমি, কর্দমাক্ত জমি ও জলাভূমি এলাকায় শিকার করে। তবে প্রজনন মৌসুমে তারা বেরি, ছোট ফল ও বীজও খেয়ে থাকে।

বিশেষজ্ঞরা জানান, আর্কটিক অঞ্চলে শীতকালে মাটি জমে যাওয়ায় খাদ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। সেই কারণেই আগস্ট-সেপ্টেম্বর মাস থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত এই পাখিরা ভারতে এসে বিভিন্ন উপকূল, জলাভূমি ও ভেজা ঘাসজমিতে সময় কাটায়। প্রায় ৮ হাজার মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে প্রতি বছর তারা একই শীতকালীন এলাকায় ফিরে আসে।

স্থানীয় পাখি পর্যবেক্ষকদের মতে, দিলালপুর এলাকার খোলা মাঠ ও জলাভূমি এই পাখিদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে বলেই এখানে তাদের দেখা মিলছে। বিরল এই অতিথি পাখিদের উপস্থিতিতে প্রকৃতি প্রেমীদের মধ্যে উৎসাহ বাড়লেও, তাদের আবাসস্থল ও পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।

Advertisement
Live Cricket Score
upskillninja