Explore

Search

June 23, 2026 8:55 am

IAS Coaching

অনবদ্য শাহবাজ, জয়ের হাতছানি বাংলা শিবিরে

#আনন্দ ব্যানার্জি, কলকাতা: ইডেনে অনুষ্ঠিত রঞ্জি ট্রফির এলিট গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলা বনাম গুজরাটের তৃতীয় দিনের শেষে খেলার রাশ এখন বাংলার হাতে। গতকালের ৭ উইকেটের বিনিময় ১০৭ রানে খেলা শুরু করে গুজরাট আজ তাদের বাকি তিনটি উইকেট হারিয়ে ১৬৭ রানে ইনিংস শেষ করে। বাংলার শাহবাজ আহমেদ ১৯ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৬টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। মহম্মদ শামি ৪৪ রান দিয়ে ৩টি উইকেট ও আকাশদীপ ৩১ রান দিয়ে ১টি উইকেট সংগ্রহ করেন।

প্রথম ইনিংসে গুজরাটের চরম ব্যাটিং বিপর্যয়ের মাঝেও অধিনায়ক মনন হিঙ্গরাজিয়া ৮০ (২৫২) রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে ১১২ রানের লিড নিয়ে ব্যাটিং করতে নেমে দলের ৫৫ রানের মাথায় অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের উইকেটটি হারায়। এরপর গুজরাটের বাঁহাতি স্পিনার সিদ্ধার্থ দেশাইয়ের সামনে বাংলার ব্যাটিং কিছুটা নাস্তানাবুদ হয়। সিদ্ধার্থ ১৮ ওভার বল করে ৪৮ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। প্রথম ইনিংসের চোখজুড়ানো অর্ধশতরানের পর দ্বিতীয় ইনিংসেও ৯টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করে আউট হন সুদীপ ঘরামী।

বাংলার ব্যাটিংয়ের হাল ধরেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার। দিনের শেষে ৮১ বল খেলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৪ রানে অপরাজিত আছেন অনুষ্টুপ। তৃতীয় দিনের খেলার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলার স্কোরবোর্ডে ১৭০ রান। ২৮২ রানে এগিয়ে শেষ দিনের খেলা শুরু করবে বাংলা। এই মুহূর্তে অ্যাডভান্টেজ বাংলা শিবিরে, তারা কি পারবেন গুজরাটের থেকে তাদের ৬ পয়েন্ট ছিনিয়ে নিতে? বাইশ গজের লড়াইয়ে ইডেনের ঘরের মাঠে এই মরসুমের দ্বিতীয় জয় আনতে মরিয়া বাংলা, অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
Live Cricket Score
upskillninja