
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরের দোস্তি মোড় চত্বরে স্থাপিত ভারত সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রায়গঞ্জ লোকসভার প্রয়াত সাংসদ প্রিয়রঞ্জন দাসমুন্সীর বিশালাকার মূর্তি আজ অযত্নে পড়ে রয়েছে। একসময় গর্বের প্রতীক হিসেবে যে মূর্তিটি এলাকাবাসীর নজর কেড়েছিল, আজ সেখানে জমেছে ধুলো, খুলে পড়ছে পলেস্তারা, আর ফিকে হয়ে গেছে সাদা রঙের ঔজ্জ্বল্য।

মূর্তিকে ঘিরে তৈরি হয়েছে চা, বিস্কুটসহ নানা খাবারের দোকান। মূর্তিতে লাগানো নেমপ্লেটও খুলে গিয়ে সেখানে এখন কেবল ঝুলছে লোহার পেরেক। স্থানীয় বাসিন্দা নব রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “বহুদিন ধরে এই মূর্তি অবহেলায় পড়ে আছে। এত বড় নেতা, অথচ তাঁর স্মৃতিচিহ্নের এমন অবস্থা দেখে কষ্ট লাগে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা খুবই জরুরি।” স্থানীয় শিক্ষক অভিজিৎ বিশ্বাস বলেন, “মূর্তির নানা অংশ থেকে পলেস্তারা খসে পড়েছে। দ্রুত সংস্কার না করলে এটা প্রয়াত সাংসদের প্রতি অসম্মান হবে।”

২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিষয়টি নিয়ে পুরসভার উদাসীনতার অভিযোগ তুলেছেন। তবে রায়গঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকার জানান, “বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং দ্রুত মূর্তির সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।” শহরবাসীর দাবি, প্রিয়রঞ্জন দাসমুন্সীর মতো জননেতার স্মৃতিকে সম্মান জানাতে তাঁর মূর্তির যথাযথ সংরক্ষণ এখনই জরুরি।









