
#কোলকাতা: অবিশ্বাস্য প্রত্যাবর্তন! গতকাল পর্যন্ত যেখানে ম্যাচ জয়ের আশাই দেখা যাচ্ছিল না, সেখানে আজ সকালে বাংলা দলের বোলারদের আগুনে পারফরম্যান্সে বদলে গেল ম্যাচের চিত্র। বিশেষ করে মহম্মদ শামির বিধ্বংসী বোলিংয়ের সামনে উত্তরাখণ্ডের ব্যাটাররা একেবারেই অসহায়।

জাতীয় দল থেকে বাদ পড়ার পর এই ম্যাচেই নিজের যোগ্যতার প্রমাণ দিলেন শামী। প্রথম ইনিংসে ৩টি এবং দ্বিতীয় ইনিংসে আরও ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। পারফেক্ট লাইন ও লেন্থে বল করে তিনি একাই বদলে দেন ম্যাচের মোড়।

ব্যাট হাতে দুর্দান্ত অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রথম ইনিংসে সুমন্ত গুপ্ত ও সুদীপ চ্যাটার্জির ১৫৬ রানের পার্টনারশিপ দলকে এগিয়ে নিয়ে যায়। যদিও উত্তরাখণ্ডের সূরজ সিন্ধু জসওয়ালও বল হাতে দারুণ পারফর্ম করেন, কিন্তু বাংলার দৃঢ়তা থামাতে পারেননি।

প্রথম ইনিংসে উত্তরাখণ্ড করে ২১৩ রান, জবাবে বাংলা তোলে ৩২৩। দ্বিতীয় ইনিংসে উত্তরাখণ্ড সংগ্রহ করে ২৬৫ রান। জয়ের লক্ষ্য ছিল ১৫৬, যা বাংলা ২৯.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে অর্জন করে। এই জয়ের ফলে বাংলা দল ঘরে তুলল মূল্যবান ৬ পয়েন্ট। অভিনন্দন বাংলা দলকে — বিশেষ করে দুরন্ত মহঃ শামীকে, যিনি আবারও প্রমাণ করলেন, ফর্ম সাময়িক, ক্লাস চিরস্থায়ী।









