
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ভারত ও নেপালের অ্যাপোস্টলিক নুনসিও, মহামান্য পরম শ্রদ্ধেয় আর্চবিশপ লিওপোল্ডো গিরেলি রায়গঞ্জের ডায়োসিসে এক যাজকীয় সফরে এসেছেন। তিনি বর্তমানে নয়াদিল্লিতে অবস্থিত পোপের নুনসিও হিসেবে দায়িত্ব পালন করছেন।

রায়গঞ্জের বিশপ ফাদার বেনেডিক্ট টোপ্পো জানান, দু’দিনের এই সফরে শনিবার দুপুরে তিনি রায়গঞ্জে পৌঁছেছেন। আজ সন্ধ্যায় আর্চবিশপ গিরেলি সকলের সাথে মিলিত হবেন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিন দুপুরে তিনি ছটপড়ুয়ায় অবস্থিত ক্যাথিড্রাল গীর্জায় উপস্থিত হলে তাঁকে বর্ণাঢ্য স্বাগত জানানো হয়। আগামীকাল সকালে প্রার্থনা সভা শেষে দুপুরে তিনি দিল্লি ফিরে যাবেন বলে জানা গেছে। তাঁর এই সফরকে ঘিরে রায়গঞ্জের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।










