Explore

Search

August 7, 2026 11:54 am

IAS Coaching

শিক্ষক নিয়োগে ভুয়া প্রতিবন্ধী সার্টিফিকেট শনাক্তকরণের দাবিতে ডেপুটেশন

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক এবং বিধাননগরের আচার্য সদনে অবস্থিত কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে এক গুরত্বপূর্ণ ডেপুটেশন জমা দিল বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি। তাদের দাবি, দ্বিতীয় এসএলএসটি (SLST)-এর মাধ্যমে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি, বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে সম্পাদক গৌর সরকার বলেন, বর্তমান বরাদ্দকৃত আসন সংখ্যা বাস্তব প্রয়োজনের তুলনায় অনেক কম। ২০১৬ সালের RPWD (Rights of Persons with Disabilities) আইনের আলোকে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে এই সংখ্যা বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।

এছাড়াও, আবেদনপত্রে ভুয়া প্রতিবন্ধী সার্টিফিকেট ব্যবহার করে যেন কেউ চাকরি না পায়, সে বিষয়ে কমিশনের কাছে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। সমিতির দাবি, সার্টিফিকেট যাচাইয়ের প্রক্রিয়া কঠোর করতে হবে যাতে প্রকৃত প্রতিবন্ধী প্রার্থীরাই সরকারি চাকরিতে সুযোগ পান।

বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির বক্তব্য, এই দাবিগুলি যদি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তবে তা প্রতিবন্ধী সমাজের প্রতি এক বড় সহানুভূতির বার্তা দেবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

SSC চেয়ারম্যানের দপ্তরে জমা দেওয়া এই আবেদনটি কমিশনের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে কী প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়। তবে প্রতিবন্ধী সমাজের প্রতিনিধি ও সহানুভূতিশীল নাগরিক সমাজ এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছে।

Advertisement
Live Cricket Score
upskillninja