
#মালবাজার: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলছে। যদিও নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নির্ঘণ্ট ঘোষণা করেনি কিন্তু, রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। চা দোকান পান দোকান সহ বাজারে চর্চা শুরু হয়েছে কোন দলের কে প্রার্থী হবে? যদিও কোন দলই এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করে নি। এইরকম পরিবেশে বৃহস্পতিবার বিকালে রীতিমতো ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় সভা করে তাদের এলাকা থেকে প্রার্থী মনোনয়নের জন্য দাবি তুলল তৃণমূল কংগ্রেসের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার নেতা কর্মী থেকে জন প্রতিনিধিরা।

সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী ব্লক সভাপতি তথ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ ( বাবুয়া), জেলা পরিষদের সদস্যা পুর্নিমা টার্কি মাহালী, ডামডিম গ্রাম পঞ্চায়েতের বর্তমান ও প্রাক্তন প্রধান সহ সদস্যরা। সভায় একাধিক নেতা কর্মী তাদের বক্তব্যে জানান, ” ডামডিম পঞ্চায়েত এলাকা বরাবর লিড দিয়ে এসেছে। বিরোধীরা এখানে প্রায় শূন্য।

অথচ সদ্য ঘোষিত ব্লক কমিটিতে ডামডিম এলাকা থেকে কাউকেই স্থান দেওয়া হয়নি। এটা অনৈতিক কাজ হয়েছে। আমরা চাই আগামী বিধানসভা নির্বাচনে ডামডিম এলাকা থেকে বিধানসভায় দলীয় প্রার্থী চয়ন করা হোক”।
ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকা সুশীল কুমার প্রসাদ ( বাবুয়া) এর গড় বলেই পরিচিত। বাবুয়া গোটা মাল ব্লকে পরিচিত রাজনৈতিক মুখ। এহেন মানুষের এলাকা থেকে এই দাবি ওঠায় রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে।

তবে সুশীলবাবু জানান, মানুষের ভাবাবেগকে আমি অস্বীকার করতে পারিনা। আমি আমার এলাকার মানুষের সঙ্গে আছি তাদের মতামত কে মেনে নিতে হবে। তবে স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, সদ্য সুশীল বাবু তার ব্লক সভাপতির পদ খুইয়েছেন। এতেই দলের কাছে নিজের গুরুত্ব প্রকাশ করতে এবং নিজের সাংগঠনিক শক্তি জাহির করতে এদিনের সভাকে সমর্থন করেছেন।









