
#শিলিগুড়িঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হয়ে গেল বাগডোগরা থেকে গ্যাংটক হেলিকপ্টার পরিষেবা। মঙ্গলবার থেকে স্কাইওয়ান এয়ারওয়েজ লিমিটেড এবং সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এসটিডিসি)-এর যৌথ উদ্যোগে এই পরিষেবা শুরু হয়েছে। সিকিমের পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিশা খুলে দেবে বলেই আশা করা হচ্ছে।

এই রুটে ব্যবহৃত হচ্ছে ২০ সিটের এমআই-১৭২ হেলিকপ্টার। একমুখী যাত্রার জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪,৫০০ টাকা। যাত্রীরা সর্বোচ্চ ১০ কেজি ওজনের লাগেজ বহন করতে পারবেন, যার মাপ হতে হবে ৫৫ সেমি x ৪০ সেমি x ২০ সেমি।

সময়সূচি:
গ্যাংটক থেকে সকাল ৯:৩৫ মিনিটে ছেড়ে বাগডোগরা পৌঁছবে সকাল ১০:১০ মিনিটে।
বাগডোগরা থেকে সকাল ১০:৪০ মিনিটে ছেড়ে গ্যাংটকে পৌঁছবে সকাল ১১:১৫ মিনিটে।
গ্যাংটক থেকে দুপুর ১২:২৫ মিনিটে ছেড়ে বাগডোগরা পৌঁছবে দুপুর ১টা নাগাদ।
বাগডোগরা থেকে দুপুর ১:৩০ মিনিটে ছেড়ে গ্যাংটকে পৌঁছবে দুপুর ২:০৫ মিনিটে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিষেবা সম্পূর্ণভাবে আবহাওয়ার উপর নির্ভরশীল হবে।

টিকিট বুকিং:
টিকিট বুকিংয়ের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাংটকের টিকিট কাউন্টার, এসটিডিসির এমজি মার্গ অফিস এবং বাগডোগরা বিমানবন্দরের হেলিপোর্ট বুকিং অফিসে যোগাযোগ করা যাবে। ফোন নম্বর: ০৩৫৯২-২০৩৯৬০ ও ৭৩১৮৯০৬৬৭৭। নতুন করে চালু হওয়া এই হেলিকপ্টার পরিষেবা সময় বাঁচানোর পাশাপাশি ভ্রমণপিপাসুদের জন্য গ্যাংটক যাওয়ার এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে।








