
#নিউজ ডেস্কঃ পূর্ব ভারতের যাত্রীদের জন্য সুখবর। এবার শিয়ালদা ডিভিশনে, শিয়ালদা রানাঘাটের মধ্যে চলাচলকারী রেলযাত্রীদের জন্য চালু হতে চলেছে পূর্ব ভারতের প্রথম এয়ার কন্ডিশন্ড লোকাল ট্রেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দুপুরে এই পরিষেবা শুরু হবে।

রেল সূত্রে জানা গেছে, এই নতুন এসি লোকাল ট্রেনটি আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত থাকবে। প্রতিটি কোচে থাকবে অত্যাধুনিক এয়ার কন্ডিশনিং ব্যবস্থা, স্বয়ংক্রিয় দরজা, সিসিটিভি ক্যামেরা এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড। যাত্রীদের আরামের জন্য আসন ও দাঁড়ানোর জায়গা উভয়ই পর্যাপ্ত রাখা হয়েছে।

পূর্ব রেলের এক শীর্ষ কর্তা জানান, প্রথমে রানাঘাট থেকে সিয়ালদহ রুটে দিনে একটি ট্রিপ চালু করা হবে। পরবর্তীতে চাহিদা অনুযায়ী ট্রিপ সংখ্যা বাড়ানো হতে পারে। ভাড়ার তালিকা ইতিমধ্যেই জানানো হয়েছে, সাধারণ লোকালের তুলনায় কিছুটা বেশি হলেও তা যাত্রীদের নাগালের মধ্যে রয়েছে বলে দাবি রেলের। জানা গেছে, এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হবে ৩৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে ১৪০ টাকা।

স্থানীয় যাত্রী সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের আশা, নতুন এসি লোকাল চালু হলে গরমে যাত্রা অনেকটাই আরামদায়ক হবে এবং ভিড়ও কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
রবিবার দুপুরে সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে ট্রেনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় সরকারের ২ মন্ত্রী ড. সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। উপস্থিত থাকার কথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রানাঘাটবাসীর কাছে এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে এক বড় উপহার, যা পূর্ব ভারতের রেল যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করবে।








