
#শিলিগুড়িঃ প্রবল বর্ষণের জেরে ভয়াবহ ধস নামল ১০ নম্বর জাতীয় সড়কে। এই সড়কই শিলিগুড়ি হয়ে সিকিমের একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ পথ বা ‘লাইফ লাইন’। ধসের কারণে আগামী ৩ দিনের জন্য সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ থেকে পর্যটক সকলেই।

শিলিগুড়ি থেকে সিকিমের বিভিন্ন অংশে যাতায়াত করতে গিয়ে বহু যাত্রী আটকে পড়েছেন রাস্তায়। অনেক পর্যটককে ঘুরে আসতে হয়েছে, আবার কেউ কেউ বিকল্প পথ ধরে অতিরিক্ত সময় এবং অর্থ খরচ করে পৌঁছানোর চেষ্টা করছেন গন্তব্যে। বুধবার রাতে লাগাতার বৃষ্টির জেরে স্বেতিঝোড়া সংলগ্ন এলাকায় এই ধস নামে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত রাস্তা পরিষ্কার ও সংস্কারের কাজ চলছে। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় কাজ দ্রুত এগোচ্ছে না। স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে না।” সিকিম সরকারের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করে বলা হয়েছে, “যাত্রা শুরুর আগে আবহাওয়া ও রোড আপডেট জেনে নেওয়া বাঞ্ছনীয়।” অনেক পর্যটক তাদের বুকিং বাতিল করেছেন বলে খবর।

এই ধরনের ধস পাহাড়ি অঞ্চলে বর্ষার মরশুমে নতুন কিছু নয়। তবে সিকিমের সঙ্গে একমাত্র জাতীয় সড়ক বন্ধ হওয়ায় রাজ্যের অর্থনীতি, পর্যটন ও জরুরি পরিষেবায় বিরূপ প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, এখন সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।








