
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ৪ঠা আগস্ট হল সঙ্গীতপ্রেমী ভারতীয় তথা বিশ্ববাসীর আবেগে ভেসে যাওয়ার দিন। এই দিনেই মধ্যপ্রদেশে জন্ম নেন কিংবদন্তি শিল্পী কিশোর কুমার। তাঁর জন্মদিনে আবারও ভারতরত্নের দাবি জানালেন তাঁর অনুরাগীরা। উত্তর দিনাজপুর জেলার ‘কিশোর কুমার ফ্যান ক্লাব নর্থ দিনাজপুর’-এর পক্ষ থেকে এই দাবি তুলেছেন ক্লাবের সদস্যরা।

২০১৫ সালে গড়ে ওঠা এই ফ্যান ক্লাবটির সেক্রেটারি বিধান দাস জানান, “আমরা কয়েকজন মিলে এই ক্লাবের সূচনা করি। তখন উত্তরবঙ্গে এরকম কোনো সংগঠন ছিল না। সভাপতি বাবাই রায়ের নেতৃত্বে আমরা নিয়মিত কিশোর কুমারের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করি।”

তিনি জানান, এই বছর ৫ই আগস্ট ক্লাবের পক্ষ থেকে কিশোর কুমার স্মরণে একটি সভার আয়োজন করা হয়েছে। তার আগে ৪ঠা আগস্ট দিনভর সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন শ্রোতা মহলে কিশোর অনুরাগীদের একটাই সুর—“ভারত সরকারের উচিত কিশোর কুমারকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা।” বিধানবাবু আরও বলেন, “ভারতের মাটিতে কিশোর কুমারের মতো বহুমুখী প্রতিভার জন্ম আমাদের গর্ব। কিন্তু আজও কেন্দ্রীয় সরকার তাঁকে যথাযথ সম্মান দেয়নি, এটা ভীষণ দুঃখজনক।”

এই ফ্যান ক্লাবের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো, বর্তমান প্রজন্মের বহু ছেলেমেয়ে এতে যোগ দিয়েছে। ভবিষ্যতে তাঁদের নিয়ে বড় মাপের অনুষ্ঠান ও সমাজসেবামূলক কার্যকলাপের পরিকল্পনা রয়েছে বলে জানান ক্লাব সদস্যরা। তাঁদের স্বপ্ন—গুরুদেব কিশোর কুমারের নাম নিয়ে গড়ে উঠুক নতুন প্রজন্মের সাংস্কৃতিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতা।








