
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ভূগোল শুধু বইয়ের পাতায় নয়, বাস্তব জীবনেও তার চর্চা করে নজির গড়লেন রায়গঞ্জের এক শিক্ষক। দেবীনগর মহারাজা জগদীশ নাথ হাই স্কুলের ভূগোল শিক্ষক মৃণাল কান্তি সিংহ এবার থাইল্যান্ডের বিখ্যাত ফল রামবুটান চাষ করে সকলকে চমকে দিলেন।

উত্তর দিনাজপুর জেলার হাতিয়া গ্রামে তাঁর নিজস্ব খামারবাড়িতে এই চাষ তিনি শুরু করেন ছয় বছর আগে। উপযুক্ত জলবায়ু, মাটির ধরন এবং সঠিক পরিচর্যার ফলে সম্প্রতি সেই গাছে রামবুটান ফল ধরেছে। সুস্বাদু ও পুষ্টিকর এই বিদেশি ফল এখন তাঁর বাগানের অন্যতম আকর্ষণ। মৃণাল বাবুর দাবি, মালয়েশিয়ার ভীষণ জনপ্রিয় রামবুটান পশ্চিমবঙ্গে তিনিই প্রথম এই ফল ফলালেন। এটি খেতে অনেকটা লিচু ও পিচ ফলের মিশ্রন। এর গায়ে হালকা আঁশ রয়েছে। পশ্চিমবঙ্গে এই প্রথম ফ্রুটিং করতে গিয়ে তিনি বলেন, এটা একটা মরসুমি ফল। এরা বৃষ্টি পছন্দ করলেও শীতে বেশ কাবু হয়ে যায়।

এর আগেও দেশ–বিদেশের বিভিন্ন জাতের আম ফলিয়ে প্রশংসা কুড়িয়েছেন মৃণালবাবু। এবার রামবুটান চাষের সাফল্য তাঁকে একধাপ এগিয়ে নিয়ে গেল। স্থানীয় কৃষকদের মধ্যেও এই ফল নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তিনি জানান, “এই অঞ্চলের মাটি ও আবহাওয়া উপযুক্ত হলে অনেক বিদেশি ফলই উৎপাদন সম্ভব। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা ও যত্ন।” এখন তাঁর খামারবাড়ি যেন রামবুটান দেখার ভিড়ে উৎসবমুখর হয়ে উঠেছে। শিক্ষা ও কৃষির এই মিলনই হয়ে উঠছে আগামী প্রজন্মের অনুপ্রেরণা।









