
#রায়গঞ্জঃ শনিবার দুপুরে হেমতাবাদ থানার ডেহুচি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক পরীক্ষার উদ্দেশ্যে এক বিশেষ হেলথ চেক-আপ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের আয়োজন করে স্টুডেন্টস হেলথ হোম, রায়গঞ্জ শাখা।

শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রচেতা ভট্টাচার্য এবং ডাঃ ইন্দ্রানী দাস। তাঁরা একে একে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন। বিভিন্ন সাধারণ শারীরিক সমস্যা, পুষ্টি, মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দেন ডাক্তারবাবুরা।

এই উদ্যোগে খুশি স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক এবং ছাত্রছাত্রী সকলেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ সরকার জানান, “ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের জন্য এ ধরনের শিবির অত্যন্ত প্রয়োজনীয়। আমরা স্টুডেন্টস হেলথ হোম রায়গঞ্জের প্রতি কৃতজ্ঞ।”

শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতাও যে সমান গুরুত্বপূর্ণ—এই বার্তাই পৌঁছে দেওয়া হলো এই শিবিরের মাধ্যমে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সমরেন্দ্র নাথ রাহা সহ হোমের সদস্যরা।








