
#নয়াদিল্লিঃ বিস্ময়কর কাণ্ড ঘটিয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ও বার্সিলোনার সফল কোচ জাভি হার্নান্দেজ ভারতের জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন, অথচ সেই প্রস্তাব ফিরিয়ে দিল ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ। কারণ—বেতন!

সূত্র মারফত জানা গেছে, স্পেনের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি কোচের বছরে তিন কোটি টাকার প্রস্তাব নাকি বহন করার ক্ষমতা নেই ফেডারেশনের। অথচ এই জাভিই স্পেনের হয়ে একবার বিশ্বকাপ এবং দু’বার ইউরো কাপ জিতেছেন। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বার্সিলোনার চিফ কোচের দায়িত্ব সামলেছেন।

মনোলো মারকুইজ কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর এআইএফএফ নতুন কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়। সেই ডাকে সাড়া দিয়ে আবেদন করেন জাভি। একজন ফুটবল কিংবদন্তি, যাঁর অভিজ্ঞতা, কৌশল এবং আন্তর্জাতিক মানের অনুশীলন পদ্ধতি ভারতের ফুটবলকে একধাপ এগিয়ে দিতে পারত।

ফুরবল বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ফুটবল ফেডারেশন সেই সুযোগ হাতছাড়া করল শুধুমাত্র টাকার অজুহাতে! প্রশ্ন উঠছে, দেশের ফুটবলের স্বার্থে বছরে তিন কোটি টাকা কি সত্যিই এতটাই বড় অঙ্ক, যা খরচ করা যায় না? বিশেষজ্ঞ মহলের মতে, “জাভিকে আনা শুধু কোচ হিসেবে নয়, ভারতীয় ফুটবলের কাঠামো ও মানোন্নয়নের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে পারত।”

এদিকে, AIFF ইতিমধ্যেই আবেদনকারীদের তালিকা থেকে তিনজন কোচকে বেছে নিয়েছে। তাঁরা হলেন – জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল, প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টেনটাইন এবং স্টিফেন টারকোভিক। এই তিনজনের নাম পাঠানো হয়েছে এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটির কাছে। আগামী ১ আগস্ট ঘোষণা হবে নতুন কোচের নাম।

ফুটবলপ্রেমীদের হতাশা প্রবল। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ক্ষোভের ঝড়। অনেকেই বলছেন, “আবার সেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর!” একদিকে বিশ্বমানের সুযোগ, অন্যদিকে টাকার অজুহাতে সেই দরজা বন্ধ – ভারতীয় ফুটবল কি আরও একবার আত্মঘাতী সিদ্ধান্ত নিল? প্রশ্ন থাকল দেশের ক্রীড়ানীতির সদিচ্ছা ও দূরদর্শিতা নিয়ে।






