Explore

Search

June 23, 2026 8:23 am

IAS Coaching

রায়গঞ্জের বিশ্বাস বাড়ির রথযাত্রা: শহরের ঐতিহ্যের ৭০ বছরের সঙ্গী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জের উকিলপাড়ায় যখন কড়া রোদে ঝলসে উঠছে দুপুর, তখন বিশ্বাস বাড়ির আঙিনায় চলছে এক অন্য ব্যস্ততা—শহরের একটি পুরনো সংস্কারকে বাঁচিয়ে রাখার প্রস্তুতি। ৭০ বছরে পা দিল রায়গঞ্জের ঐতিহ্যবাহী বিশ্বাস বাড়ির রথযাত্রা। তবে এটি শুধু এক পরিবারের আয়োজন নয়, সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে গোটা এলাকার এক সাংস্কৃতিক উৎসব।

রথযাত্রার সূচনা হয়েছিল প্রাক্তন কাউন্সিলর কালিপদ বিশ্বাসের হাতে। নির্বাচনে জিতে এলাকার জন্য কিছু করার প্রতিজ্ঞা থেকেই জন্ম নেয় এই রথযাত্রা। কাঠের রথ, নিম কাঠের জগন্নাথ—সব মিলিয়ে এক আধ্যাত্মিক আনন্দযাত্রা শুরু হয়েছিল তখন। কালি বাবুর মৃত্যুর পর সেই রথের ভার নিয়েছেন তাঁর পুত্র ও পরে নাতি তৃষাঞ্জন বিশ্বাস।

তৃষাঞ্জনের কথায়, “এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, আমাদের ইতিহাস, আবেগ ও মিলনের উৎসব।” এবার নতুন রথ লোহার, মজবুত ও চমকপ্রদ। চলেছে রংতুলিতে রথ সাজানো, শিল্পীদের আঁকা ছবি দিয়ে সাজছে জগন্নাথ-বলরাম-সুভদ্রার মন্দির চত্বর।

রথ বেরোবে উকিলপাড়া থেকে বিদ্রোহী মোড়, ঘড়ি মোড় ঘুরে মাসিবাড়ি—ঐক্য সম্মিলনীর মন্দির। সাতদিন ধরে চলবে পূজা ও নানা অনুষ্ঠান। এই রথ কেবল বিশ্বাস পরিবারের নয়, এটি রায়গঞ্জবাসীর আত্মপরিচয়ের অংশ। সপ্তাহ শেষে যখন শহরের পথে গড়াবে সেই রথ, তার সঙ্গে গড়াবে সাত দশকের ভালোবাসা ও ঐতিহ্যের চাকা।

Advertisement
Live Cricket Score
upskillninja