#মালবাজার: দীর্ঘ প্রচেষ্টার পর জট কাটলো কলোনির মাঠেই হচ্ছে ডুয়ার্সের ঐতিহ্যবাহী রথমেলা। জমির মালিক পক্ষ মেলার জন্য মাঠ ব্যবহারের প্রয়োজনীয় অনুমতি দিতে রাজী হয়েছেন।অন্যান্য বছরের মত পৌরসভার তত্বাবধানে এবং মেলা কমিটির পরিচালনায় রথ যাত্রা ও রথমেলা অনুষ্ঠিত হবে। সোমবার বিকালে এই মর্মে সাংবাদিক সন্মেলন করে বিঞ্জপ্তি জারি করা হয়।

উপস্থিত ছিলেন পৌরসভার সদস্য পুলিন গোলদার, জমির মালিক পক্ষের প্রতিনিধি সন্তোষী মাহালি, জমির পাওয়ার অ্যাটর্নি আদিবাসী বিকাশ পরিষদ নেতা বাবলু মাঝি সহ অন্যান্যরা। পরে পুলিন গোলদার বলেন, জমির মালিকরা মেলার জন্য মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছেন। তাদের কিছু দাবি ছিল সেটা মেনে নেওয়া হয়েছে। অন্যান্য বছরের মতো মেলা পরিচালনা করতে কোন অসুবিধা হবে না। মানুষ মেলার আনন্দ উপভোগ করুক সেই কামনা করি।

প্রসঙ্গত উল্লেখ্য, মালবাজার শহরে ৯ নম্বর ওয়ার্ডের কলোনির মাঠে গত ৭৫ বাছর যাবৎ অনুষ্ঠিত হয়ে আসছে ডুয়ার্সের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী রথ মেলা। যে মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে সেই মাঠ এক আদিবাসী পরিবারের জমি। সম্প্রতি তারা মামলা করে জমির অধিকার লাভ করেছেন। মেলা বা পূজা অনুষ্ঠিত করতে গেলে জমির মালিকের অনুমতি লাগে। সেক্ষেত্রে খানিক জটিলতা তৈরি হয়েছিল। মেলা অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে পৌরসভার উদ্যোগে জটিলতা কেটে যায়।









