
#নিউজ ডেস্কঃ দেশবাসীর জন্য গর্বের মুহূর্ত। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পা রাখতে চলেছেন শুভাংশু শুক্লা। আগামী ১০ই জুন স্পেস এক্স-এর রকেটে চড়ে তিনি রওনা দেবেন মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। তাঁর সঙ্গে থাকবেন আরও তিনজন ভিনদেশি মহাকাশচারী। এই ঐতিহাসিক মিশনের নাম “AXIOM 4″।

এই অভিযান নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়। শুভাংশুর এই যাত্রা যেমন একটি আন্তর্জাতিক সফলতা, তেমনি ভারতের আসন্ন ‘গগণযান’মিশনের জন্যও তা হতে চলেছে মূল্যবান অভিজ্ঞতার ভাণ্ডার। ইসরোর নিজস্ব সেই মিশনে আগামী বছর চারজন ভারতীয় মহাকাশে যাবেন।

প্রসঙ্গত, এর আগে ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মহাকাশযানে মহাকাশে যান, কিন্তু তখনও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অস্তিত্ব ছিল না।

যদিও কল্পনা চাওলা ও সুনীতা উইলিয়ামসের মতো ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীরা ISS-এ গিয়েছিলেন, কিন্তু তারা ছিলেন মার্কিন নাগরিক। সেই দিক থেকে শুভাংশু শুক্লা হচ্ছেন প্রথম ভারতীয় নাগরিক, যিনি সরাসরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করতে চলেছেন।

এই মিশন শুধু ভারতের গর্ব নয়, আগামী প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা। দেশের বিজ্ঞানমনস্ক তরুণদের কাছে শুভাংশু শুক্লার এই অভিযান হতে চলেছে এক স্মরণীয় অধ্যায়।








